Sunday, November 8, 2009

সময় যে নেই

সময় যে নেই --
হিসেবের দিনগুলো
শেষ হচ্ছে দ্রুত গতিতে
ফিরে তাকালেই
সম্মুখে পথ হারায় নদীর বাঁকে ৷

অনেকগুলো দিন হারিয়ে গেছে
পথের অশ্বত্থ গাছ , সে
কত যুগের হিসেব রাখছে !

সে তো প্রতিশ্রুতিবদ্ধ নয় --
আজ ও কি তার বুকে ঝড় বয় ?
পাতারা কি আজও শণ,শণ, সুরে
বাতাসের সাথে গুঞ্জন করে ?
শেষ রাতের নির্জন কখনও
বলে দেয় যা --

সময় প্রলেপ দিলেও
মোছে না তা ৷
কুন্ডলির পাকে জড়িয়ে মরছে,
অবিনশ্বর আত্মার সমাধি 'পরে
এক মুঠো বন্য ফুল ---

যদিও দ্বিধায়

বিশালের কাছে তোমায় পেয়েছি,
সেই আমার অবিশ্বাস্য সত্য ৷
ভাবিনি কোন দিন,
কখনো যা --
জানি নির্মম সময় কেড়ে নিয়ে যাবে
এই উণ্মত্ত জীবনের স্বাদ --
তবুও আছড়ে পড়ে ঢেউয়ের মতো
উত্তাল তরঙ্গায়িত প্রেম ধারা --
ভাবছি ----
বিকেলে কেন এল সে
এই পড়ন্ত বেলায় - -
ছিল কোথায় সে , যখন আমি
সকাল সাজাই ?
জানি, সেও যাবে চলে -
ফেলে একাকী
একান্ত একাকীত্বের কোলে
সাকুল্যে ক'দিন পাব !
সে ও যাবে দূরে দূরান্তরে
তাই কি সব এঁকে যাবে স্বপ্ন
যা ভুলতে দ্বিধা নেই,
জানব সে ছিল আমার
অবিশ্বাস্য স্বপ্নের আকর --
যদিও দ্বিধায় ৷